Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / বাগেরহাট / তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে প্রাণবন্ত সুন্দরবন - Chief TV

তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে প্রাণবন্ত সুন্দরবন - Chief TV

2026-08-30  ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ  36 views
তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে প্রাণবন্ত সুন্দরবন - Chief TV

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর থেকে আবারও পর্যটক ও বনজীবীদের জন্য উন্মুক্ত হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। মাছের প্রজনন ও বন্যপ্রাণীর বংশবৃদ্ধি নিশ্চিত করতে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বনে সব ধরনের প্রবেশাধিকার বন্ধ রাখা হয়েছিল।

মানুষের পদচারণা ও নৌযান চলাচল সীমিত থাকায় এই সময়ে সুন্দরবনের জীববৈচিত্র্য স্বাভাবিক পরিবেশে বিকশিত হওয়ার সুযোগ পেয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। বনের গহীন অঞ্চলে হরিণের অবাধ বিচরণ, কুমিরের উপস্থিতি এবং বিভিন্ন প্রজাতির পাখির বিচরণে বনাঞ্চল প্রাণবন্ত হয়ে উঠেছে। একই সঙ্গে মানুষের চাপ কম থাকায় বনাঞ্চলের উদ্ভিদ ও চারাগাছও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ পেয়েছে।

নিষেধাজ্ঞার তিন মাসে সুন্দরবনে অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে কঠোর নজরদারি চালিয়েছে বন বিভাগ। জুন থেকে আগস্ট পর্যন্ত ৬৩টি অভিযান পরিচালনা করে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ৩৭ জনকে আটক করার পাশাপাশি ১২টি ট্রলার, ৫০টি নৌকা, ৫৫টি জাল এবং ছয় হাজারের বেশি হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিষ প্রয়োগে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিষ ও বিষযুক্ত মাছও উদ্ধার করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানিয়েছেন, বর্তমানে প্রযুক্তিনির্ভর ও স্মার্ট পেট্রোলিংয়ের মাধ্যমে দুর্গম এলাকাগুলোতেও নজরদারি জোরদার করা হয়েছে। ড্রোনের মাধ্যমে আকাশপথ থেকে পর্যবেক্ষণ করায় শিকারি ও বিষ প্রয়োগকারী চক্রের তৎপরতা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছে।

২০১৯ সালে সুন্দরবনে মৌসুমি নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু হলেও ২০২২ সাল থেকে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে তিন মাসব্যাপী এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, বনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই বিরতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে সুন্দরবন পুনরায় উন্মুক্ত হওয়ার খবরে পর্যটন খাতে নতুন আশার সঞ্চার হয়েছে। তবে পর্যটকদের আগমন বাড়লেও বনের পরিবেশ রক্ষায় সতর্ক থাকবে বন বিভাগ। নৌযান চলাচল নিয়ন্ত্রণ এবং বনজীবীদের পাস-পারমিট প্রদানের ক্ষেত্রে কঠোর নিয়ম অনুসরণ করা হবে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুললেও এর জীববৈচিত্র্য ও প্রাণচাঞ্চল্য ধরে রাখতে পর্যটক ও বনজীবীদের দায়িত্বশীল আচরণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।


Share: