যুক্তরাজ্যের সাউদাম্পটনের বিটার্ন পার্ক স্কুলের সাবেক শারীরিক শিক্ষা শিক্ষিকা ব্রনওয়েন জেমসের (৩০) বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার বিচার শুরু হয়েছে দেশটির আদালতে।
উইনচেস্টার ক্রাউন কোর্টে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এডওয়ার্ড কালভার বলেন, ওই শিক্ষার্থী প্রথমে জেমসের স্ন্যাপচ্যাট ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করেনি। পরে শিক্ষিকা সেটি গ্রহণ করলে তাদের মধ্যে নিয়মিত বার্তা আদান-প্রদান শুরু হয়। একপর্যায়ে যোগাযোগ ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয় বলে আদালতে দাবি করা হয়।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, তারা ওয়েস্টন শোর এলাকায় দেখা করেন এবং গাড়িতে পরস্পরকে চুম্বন করেন। মামলার অভিযোগে আরও বলা হয়েছে, পরবর্তী সময়ে তাদের মধ্যে একাধিকবার শারীরিক ঘনিষ্ঠতা তৈরি হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, ব্যক্তিগত সময় ওই শিক্ষার্থীকে তাকে ‘মিস’ বলে সম্বোধন করতে বলতেন জেমস। এমনকি শিক্ষার্থীকে ভালোবাসার কথা বলা এবং একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছার কথাও তিনি জানিয়েছিলেন বলে আদালতে অভিযোগ করা হয়।
আদালতে সাক্ষ্য দেওয়ার সময় ওই শিক্ষার্থী জানায়, শুরুতে শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠতাকে তার কাছে স্বাভাবিক মনে হলেও পরে সে বুঝতে পারে, তাকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করা হচ্ছিল।
ব্রনওয়েন জেমস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষিকা হিসেবে নিজের অবস্থানের অপব্যবহার করে ওই শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে চারটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
বুধবার জুরি ভেঙে দেওয়ার কারণে বিচারপ্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত হয়। নতুন জুরি গঠনের পর বৃহস্পতিবার থেকে মামলার বিচারকাজ পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।