Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / ৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী - Chief TV

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী - Chief TV

2026-08-23  ডেস্ক রিপোর্ট  80 views
৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী - Chief TV

প্রতিদিনের মতো রোগী দেখছিলেন এক নারী চিকিৎসক। হঠাৎ মাস্ক পরা এক যুবক চেম্বারে ঢুকে চিকিৎসার কাগজপত্রের বদলে তার হাতে তুলে দেন পাসপোর্ট, বিমানের টিকিট ও বোর্ডিং পাস। প্রথমে কিছুই বুঝতে পারেননি চিকিৎসক। পরে বোর্ডিং পাসে লেখা নামটি দেখে চমকে ওঠেন তিনি। কারণ নামটি তার প্রবাসী স্বামীর।

এরপর ওই যুবক মুখের মাস্ক খুলতেই ছয় বছর পর স্বামীকে সামনে দেখতে পান চিকিৎসক। দীর্ঘ অপেক্ষার পর স্বামীকে কাছে পেয়ে চেয়ার ছেড়ে উঠে তাকে জড়িয়ে ধরেন তিনি। আবেগে কেঁদে ফেলেন দুজনই। তাদের এই পুনর্মিলনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনাটি ভারতের রাজস্থানের বলে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রোগীর ছদ্মবেশে চেম্বারে ঢুকে স্ত্রীকে চমকে দেন ওই প্রবাসী স্বামী।

ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নারী চিকিৎসক চেম্বারে রোগী দেখার সময় মাস্ক পরা যুবক তার সামনে এসে কিছু কাগজপত্র এগিয়ে দেন। চিকিৎসক সেগুলো দেখার পর পাসপোর্ট, বিমানের টিকিট ও বোর্ডিং পাস দেখতে পান। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও বোর্ডিং পাসে স্বামীর নাম দেখে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন।

এরপর যুবকটি মাস্ক খুলে দিলে স্বামীকে চিনতে পারেন চিকিৎসক। ছয় বছর পর স্বামীকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরেন তিনি।

ভিডিওতে ওই যুবক ও নারীকে স্বামী-স্ত্রী হিসেবে দাবি করা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। জানা গেছে, ‘রাহুল_বাবু_১এম_’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। এরই মধ্যে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটি দেখে অনেকেই আবেগঘন মন্তব্য করেছেন। কেউ দীর্ঘদিন পর স্বামীকে ফিরে পাওয়ার আনন্দের কথা উল্লেখ করেছেন, আবার কেউ ভিডিওটি দেখে চোখে পানি চলে আসার কথা জানিয়েছেন। অনেকে ঘটনাটিকে হৃদয়ছোঁয়া ও ব্যতিক্রমী পুনর্মিলন হিসেবে বর্ণনা করেছেন।

প্রবাসজীবনের দীর্ঘ বিচ্ছেদ ও অপেক্ষার পর স্বামীর এমন চমকপ্রদ ফিরে আসার দৃশ্যই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের আবেগের কেন্দ্র হয়ে উঠেছে।


Share: