Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পের - Chief TV

আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পের - Chief TV

2026-10-25  ডেস্ক রিপোর্ট  33 views
আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পের - Chief TV

ইরানে রোববার (২৫ অক্টোবর) হামলা চালানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সঙ্গে বড় কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সম্ভাব্য হামলার সময় সম্পর্কে আগাম কিছু জানাতে চান না তিনি। একই সঙ্গে ইরান চুক্তিতে সম্মত হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে পরিস্থিতি যা-ই হোক, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের চলমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চেয়েছেন। তিনি বলেন, দেশটির অনেক নাগরিকের পক্ষে এখন খাবার কেনাও কঠিন হয়ে পড়েছে। যুদ্ধের প্রভাব এবং ইরানের তেল রপ্তানি ও বাণিজ্যের ওপর বিধিনিষেধের কারণে দেশটির অর্থনীতি তীব্র চাপের মুখে রয়েছে।

সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে ইরান। এতে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরুর আগ্রহও প্রকাশ করেছে তেহরান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে এ খবর অস্বীকার করেছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতাকারীর কাছে নতুন কোনো প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেছে তেহরানের একটি সূত্র। ওই সূত্রের দাবি, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে মার্কিন অবরোধ প্রত্যাহারের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে ইরান। মধ্যস্থতাকারীদের মাধ্যমে আগে জানানো সাতটি শর্তেই নিজেদের অবস্থান ধরে রেখেছে দেশটি।

এর আগে জুনে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা, ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে বৃহত্তর চুক্তির আলোচনা শুরুর লক্ষ্যে একটি অন্তর্বর্তী সমঝোতায় মধ্যস্থতা করেছিল পাকিস্তান ও কাতার।

সর্বশেষ পরিস্থিতিতে ইরানকে ঘিরে একদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কা, অন্যদিকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা সামনে এসেছে। তবে দুই দেশের মধ্যে নতুন কোনো চুক্তি হবে কি না কিংবা উত্তেজনা আরও বাড়বে কি না, তা এখনো স্পষ্ট নয়।


Share: