Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / আল্লামা সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের আবেগঘন পোস্ট - Chief TV

আল্লামা সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের আবেগঘন পোস্ট - Chief TV

2026-08-14  ডেস্ক রিপোর্ট  33 views
আল্লামা সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের আবেগঘন পোস্ট  - Chief TV

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি সাঈদীর ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেলেও মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকেন। আল্লামা সাঈদী তেমনই একজন। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে তিনি দেশের বিভিন্ন প্রান্তে কোরআনের তাফসির ও ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

সাঈদীর তাফসির শুনে বহু মানুষের ধর্মীয় জীবনে পরিবর্তন এসেছে দাবি করে জামায়াত আমির বলেন, কোরআন শিক্ষা ও প্রচারের কাজে তার জীবনের বড় একটি অংশ কেটেছে। তার বক্তৃতার ময়দান অসংখ্য মানুষের ধর্মীয় শিক্ষার পাঠশালায় পরিণত হয়েছিল বলেও পোস্টে উল্লেখ করা হয়।

ডা. শফিকুর রহমান আরও বলেন, মানুষের ভালোবাসা সাঈদীকে তাফসিরের ময়দান থেকে জাতীয় সংসদে নিয়ে গিয়েছিল। সংসদ সদস্য হিসেবে তিনি ধর্মীয় মূল্যবোধ, মাদ্রাসা শিক্ষা ও সাধারণ মানুষের বিভিন্ন দাবি নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে মতপার্থক্য থাকলেও দেশের ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসে তার বিপুল অনুসারী ও জনসমর্থন অস্বীকার করার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

পোস্টে সাঈদীর বিরুদ্ধে হওয়া মামলার বিচারপ্রক্রিয়া, কারাবাস এবং তার মৃত্যুর পরের ঘটনাবলি নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন জামায়াতের আমির। তিনি দাবি করেন, সাঈদীর ওপর জুলুম-নির্যাতন হয়েছে এবং একদিন এসব ঘটনার বিচার হবে।

সাঈদীর মৃত্যুর পরও তার তাফসির ও বক্তব্য মানুষের মধ্যে স্মৃতি হয়ে রয়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান লিখেছেন, মানুষ চলে গেলেও তার দাওয়াত থেকে যায়। শেষে তিনি আল্লাহর কাছে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ভুলত্রুটি ক্ষমা, নেক আমল কবুল এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দানের জন্য দোয়া করেন।


Share: