Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / আসিফ মাহমুদের দুর্নীতির তথ্য চেয়ে মন্ত্রণালয়ে চিঠি - Chief TV

আসিফ মাহমুদের দুর্নীতির তথ্য চেয়ে মন্ত্রণালয়ে চিঠি - Chief TV

2026-09-03  ডেস্ক রিপোর্ট  42 views
আসিফ মাহমুদের দুর্নীতির তথ্য চেয়ে মন্ত্রণালয়ে চিঠি - Chief TV

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে বুধবার দুদক জানায়, সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে বদলি, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে আসিফ মাহমুদ বদলি, নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। অভিযোগ সংশ্লিষ্ট অন্য তিনজন হলেন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং যুব-১ শাখার উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদকে দেওয়া অভিযোগ অনুযায়ী, ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও পদায়নের আদেশের মাধ্যমে ৭৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির জন্য দেড় কোটি টাকা এবং পদোন্নতির পর পছন্দের স্থানে পদায়নের জন্য আরও প্রায় দুই কোটি টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলা হয়েছিল। ওই সিন্ডিকেটের বিরুদ্ধে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন টেন্ডার, কেনাকাটা ও অন্যান্য কার্যক্রমে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহে চার সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করেছে দুদক। দলের নেতৃত্ব দেবেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম। সদস্য হিসেবে রয়েছেন সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন এবং উপসহকারী পরিচালক ইমরান আকন ও রোমান উদ্দিন।

দুদক জানিয়েছে, অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হবে।


Share: