Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / কুষ্টিয়া / বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু - Chief TV

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু - Chief TV

2026-08-21  ডেস্ক রিপোর্ট  39 views
বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু - Chief TV

কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের আনন্দের মধ্যেই নেমে এসেছে শোকের ছায়া। বাসর রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস (২৫) নামে এক নববিবাহিত বরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনাস ওই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহেরমাদি এলাকায় আনাসের বিয়ে হয়। পরে বিকেলে নববধূকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি। বিয়েকে ঘিরে বাড়িতে চলছিল আনন্দ-উৎসব। রাতে বাড়ির আঙিনায় প্যান্ডেল করে নাচ-গানের আয়োজনও করা হয়।

একপর্যায়ে প্যান্ডেলের পাশে চেয়ারে বসে থাকা আনাসের ওপর একটি স্ট্যান্ড ফ্যান পড়ে যায়। ফ্যানটি বিদ্যুতায়িত থাকায় সেটির সংস্পর্শে এসে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মিলন হোসেন জানান, স্ট্যান্ড ফ্যানের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই আনাসের মৃত্যু হয়েছে। প্রায় দুই মাস আগে তার বিয়ে সম্পন্ন হলেও বৃহস্পতিবার নববধূকে আনুষ্ঠানিকভাবে বাড়িতে আনা হয়। শুক্রবার বউভাতের আয়োজন করার কথা ছিল। এর আগেই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের সব আনন্দ বিষাদে পরিণত হয়েছে।

নববিবাহিত বরের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।


Share: