Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / বেপরোয়া অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত - Chief TV

বেপরোয়া অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত - Chief TV

2026-09-02  মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি  44 views
বেপরোয়া অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত - Chief TV

চট্টগ্রামের খুলশীতে বাসার প্রধান ফটকের সামনে বেপরোয়া গতির একটি বিদ্যুৎচালিত অটোরিকশার ধাক্কায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী আহত হয়েছে। এ ঘটনায় আবাসিক এলাকায় অনিবন্ধিত ও নিয়ন্ত্রণহীন অটোরিকশার চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আহত শিক্ষার্থীর বাবা, চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক আনচারুল করিম।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে খুলশী থানাধীন জালালাবাদ হাউজিং সোসাইটির ৩ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। আহত নাওয়াল আনসারী চট্টগ্রাম নাসিরাবাদ ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, সকালে বাবা আনচারুল করিম নিজেই মেয়েকে স্কুলে পৌঁছে দেন। ক্লাস শেষে দুপুর দেড়টার দিকে পার্শ্ববর্তী বাসার আরও দুই শিক্ষার্থীর সঙ্গে ট্যাক্সিযোগে বাসার সামনে পৌঁছায় নাওয়াল। গাড়ি থেকে নামার সময় দ্রুতগতিতে আসা একটি বিদ্যুৎচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে আহত হয়।

পরিবারের দাবি, দুর্ঘটনায় নাওয়ালের দুই হাত, মাথা, ঠোঁট, কপাল ও মুখমণ্ডলের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে আনচারুল করিম বলেন, নিজের বাসার সামনেও যদি একটি শিশু নিরাপদ না থাকে, তাহলে নগরীতে শিশুদের নিরাপত্তা কতটা নিশ্চিত—সেটি বড় প্রশ্ন। প্রশিক্ষণ, বৈধ লাইসেন্স ও নিবন্ধন ছাড়া যানবাহন পরিচালনার অভিযোগ থাকা অটোরিকশাগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, সড়কে আইন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর ভূমিকা প্রয়োজন। শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে অনিবন্ধিত এবং বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, খুলশী এলাকার বিভিন্ন আবাসিক সড়কে বিপুলসংখ্যক বিদ্যুৎচালিত অটোরিকশা চলাচল করে। বেপরোয়া গতি ও শৃঙ্খলার অভাবে প্রায়ই বাসিন্দাদের বিড়ম্বনার শিকার হতে হয়। এ অবস্থায় পুরো চট্টগ্রাম মহানগরীতে অনিবন্ধিত ও নিয়ন্ত্রণহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযান জোরদার এবং সড়কে শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


Share: