Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / বিলকিস ইসলামের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ - Chief TV

বিলকিস ইসলামের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ - Chief TV

2026-08-22  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  40 views
বিলকিস ইসলামের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ - Chief TV

নীলফামারীর কিশোরগঞ্জে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্নার বিরুদ্ধে পরিবারতন্ত্র ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ফ্যামিলি কার্ডের শুমারি, সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও তোলা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি কিশোরগঞ্জ স্টেডিয়াম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজার এলাকা প্রদক্ষিণ করে ঝর্ণার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল থেকে নেতাকর্মীরা মহিলা সংসদ সদস্যের বিরুদ্ধে পরিবারতন্ত্র বন্ধ, ফ্যামিলি কার্ডে অনিয়ম ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে কথিত অনিয়মের মাধ্যমে দেওয়া নিয়োগ বাতিল এবং প্রশাসনের কাছে জবাবদিহির দাবিও জানানো হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন বিলু, সহসভাপতি আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহআলম বাবু, কৃষকদলের সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়েদ ইবনে রুবেলসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে যুবদলের সহসভাপতি আলমগীর হোসেন অভিযোগ করেন, মহিলা সংসদ সদস্য বিভিন্ন দপ্তরে অপশাসন ও স্বজনপ্রীতি করছেন। পরিবারতন্ত্র, স্বজনপ্রীতি এবং কথিত অনিয়মের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশে বক্তারা সরকারি বিভিন্ন কার্যক্রম ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে আগামী রোববার দুপুর ১২টায় কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বৃহৎ পরিসরে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলামের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।


Share: