কুষ্টিয়ায় পোষা বিড়ালের আঁচড়ের পর অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছে পাঁচ বছরের শিশু মুস্তারীন আদ্রিতা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ‘মিউ মিউ’ শব্দ করতে দেখা যাওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
আদ্রিতা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার বাসিন্দা ব্যাংকার সাব্বিরের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের বাড়িতে শখ করে একটি বিড়াল পোষা হতো। তবে বিড়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
শনিবার (২২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, গত ১৭ আগস্ট শিশুটিকে হাসপাতালে আনা হয়। বিড়ালের আঁচড়ের পর তাকে র্যাবিসের টিকাও দেওয়া হয়েছিল। শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণ নেই বলেও জানান তিনি।
চিকিৎসকের ভাষ্য, শিশুটির বর্তমান অস্বাভাবিক আচরণ বা ‘মিউ মিউ’ শব্দ করার পেছনে ভয় কিংবা মানসিক চাপ কাজ করতে পারে। তবে পরিস্থিতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পরই তারা ঘটনাটি জানতে পারেন। বর্তমানে শিশুটি ঢাকায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেলেও রাজধানীর কোন হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
শিশুটির বাবা সাব্বিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে শিশুটির বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।