বাংলাদেশি অভিনেত্রী ও চিকিৎসক মিষ্টি জান্নাতের বিয়ের খবরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘Got Married’ লাইফ ইভেন্ট যুক্ত করার পর থেকেই ভক্তদের মধ্যে তার বিয়ে নিয়ে কৌতূহল তৈরি হয়। তবে স্বামী বা বিয়ের কোনো ছবি প্রকাশ না করায় রহস্য আরও বেড়েছে।
বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বললেও স্বামীর পরিচয় প্রকাশ করেননি ‘লাভ স্টেশন’ সিনেমার এই অভিনেত্রী। স্বামীর নাম, পেশা কিংবা তিনি কোথায় থাকেন—এসব প্রশ্নের উত্তরে মিষ্টি জান্নাত জানিয়েছেন, সবই আপাতত ‘সিক্রেট’।
তবে তিনি এতটুকু ইঙ্গিত দিয়েছেন যে, তার স্বামীর নামের প্রথম অক্ষর ইংরেজি ‘S’। একই সঙ্গে শাকিব খানের সঙ্গে তার বিয়ের গুঞ্জনও নাকচ করে দিয়েছেন তিনি। স্পষ্টভাবে জানিয়েছেন, তার স্বামী শাকিব খান নন।
ব্যবসায়িক কাজে বছরের বড় একটি সময় দুবাইয়ে অবস্থান করেন মিষ্টি জান্নাত। এ কারণে তার স্বামীর পরিচয় নিয়েও নানা জল্পনা শুরু হলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হননি তিনি।
ফেসবুকে বিয়ের খবর জানিয়ে মিষ্টি লিখেছেন, তার বিয়ে হয়েছে এবং নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি অনিচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাও চেয়েছেন তিনি এবং নেতিবাচক মন্তব্য না করার অনুরোধ জানিয়েছেন।
অভিনয়ের পাশাপাশি মিষ্টি জান্নাত একজন পেশাদার ডেন্টিস্ট। বর্তমানে তিনি নিজের ডেন্টাল ক্লিনিক পরিচালনার পাশাপাশি নিয়মিত রোগী দেখছেন। এছাড়া ব্যবসায়িক কাজেও বিভিন্ন দেশে যাতায়াত করছেন। অভিনয়ে আগের তুলনায় অনিয়মিত হলেও বেছে বেছে কিছু কাজ ও ওয়েব কনটেন্টে অংশ নিচ্ছেন তিনি।