Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ক্যাম্পাস / বিয়ের পরদিনই রাজপথে যাওয়ার ঘোষণা চাকসু ভিপির - Chief TV

বিয়ের পরদিনই রাজপথে যাওয়ার ঘোষণা চাকসু ভিপির - Chief TV

2026-09-05  ডেস্ক রিপোর্ট  21 views
বিয়ের পরদিনই রাজপথে যাওয়ার ঘোষণা চাকসু ভিপির - Chief TV

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি বিয়ের পরদিনই রাজপথের আন্দোলনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার বিয়ের পিঁড়িতে বসার পর হাতে মেহেদির রং না মুছতেই তিনি ঢাকা-চট্টগ্রাম লংমার্চে যোগ দেওয়ার কথা জানান।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান চাকসু ভিপি রনি। তিনি লেখেন, ‘ঢাকা—চট্টগ্রাম লংমার্চ। বিকেল ৫:০০টায় লালদিঘি ময়দানে থাকবো ইনশাআল্লাহ।’

জানা গেছে, ১১-দলীয় ঐক্য ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চসহ তিন মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে আয়োজিত সমাবেশ ও মিছিলে অংশ নেওয়ার ঘোষণা দেন ইব্রাহিম হোসেন রনি।

এ বিষয়ে চাকসু ভিপি বলেন, এই লংমার্চ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং জনগণের ন্যায্য দাবি ও প্রত্যাশার প্রতি দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটের স্থায়ী সমাধান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণের অবসানসহ ছয় দফা দাবি আদায়ে তারা রাজপথে নেমেছেন।

তিনি আরও বলেন, জনগণের অধিকার ও আকাঙ্ক্ষার প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো রাষ্ট্রব্যবস্থা দীর্ঘদিন টেকসই হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।


Share: