জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করা হয়। পরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি পুনরায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, সদস্য সচিব শহিদুল হক দুলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রহমত আলী ও সদস্য সচিব মিজানুর রহমান। এছাড়া উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও এতে অংশ নেন।
র্যালি শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।