Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / ছোট্ট শিশুটি এখন ১০০ কোটি টাকার মালিক - Chief TV

ছোট্ট শিশুটি এখন ১০০ কোটি টাকার মালিক - Chief TV

2026-10-30  ডেস্ক রিপোর্ট  24 views
ছোট্ট শিশুটি এখন ১০০ কোটি টাকার মালিক - Chief TV

বলিউডে অভিষেকের পর থেকেই অভিনয় নিয়ে নানা সমালোচনার মুখে পড়েছেন অনন্যা পান্ডে। তারকাকন্যা হিসেবে সুযোগ পাওয়ার অভিযোগ ও বিদ্রূপও শুনতে হয়েছে তাঁকে। তবে গত কয়েক বছরে অভিনয়ে নিজের উন্নতির প্রমাণ দিয়েছেন এই অভিনেত্রী। কাজ করেছেন আলোচিত নির্মাতাদের সিনেমা ও সিরিজে। আজ ৩০ অক্টোবর অনন্যার ২৮তম জন্মদিন। এ উপলক্ষে তাঁর জীবন, ক্যারিয়ার ও সম্পদ নিয়ে কিছু তথ্য তুলে ধরা হলো।

১৯৯৮ সালের ৩০ অক্টোবর ভারতের মুম্বাইয়ে জন্ম অনন্যা পান্ডের। তাঁর বাবা চাঙ্কি পান্ডে হিন্দি সিনেমার পরিচিত অভিনেতা। ঢাকাই সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। মা ভাবনা পান্ডে একজন কস্টিউম ডিজাইনার। ২০১৯ সালে করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনন্যার।

images-2026-10-30t182734096.jpg

ক্যারিয়ারের শুরুর দিকে দুর্বল অভিনয় ও একের পর এক সিনেমা ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়েন অনন্যা। তবে সাম্প্রতিক সময়ে কয়েকটি কাজের মাধ্যমে প্রশংসা পেয়েছেন তিনি। বিশেষ করে ‘খো গায়ে হাম কাহাঁ’ ও ‘কন্ট্রোল’ সিনেমায় তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কাড়ে।

বিক্রমাদিত্য মোতওয়ানি পরিচালিত ‘কন্ট্রোল’ মুক্তি পায় নেটফ্লিক্সে। সিনেমাটি দেখে দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অনন্যার অভিনয়ের প্রশংসা করেন। এর আগে অর্জুন সিং পরিচালিত ‘খো গায়ে হাম কাহাঁ’ সিনেমাটিও অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায়। জোয়া আখতার ও রিমা কাগতি প্রযোজিত এ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসা পান অনন্যা।

এরপর ‘কল মি বে’ সিরিজের মাধ্যমে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি। সিরিজটি প্রত্যাশিত প্রশংসা না পেলেও অভিনয়ে তাঁর উন্নতির চেষ্টা নজরে আসে সমালোচকদের।

সিনেমাটি মুক্তির আগে এক সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছিলেন, কয়েক বছর ধরেই অভিনয় নিয়ে গভীরভাবে ভাবছেন তিনি। ভারতের সেরা নির্মাতাদের সঙ্গে কাজ করার পাশাপাশি নিজের অভিনয়দক্ষতা বাড়ানোর চেষ্টা করছেন।

প্রায় সাড়ে ছয় বছরের ক্যারিয়ারে সিনেমা, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনী চুক্তি থেকে আয় করেছেন অনন্যা। বিভিন্ন সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৭৪ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০০ কোটি টাকা। প্রতি সিনেমায় অভিনয়ের জন্য প্রায় তিন কোটি রুপি পারিশ্রমিক নেন বলে জানা গেছে। বিজ্ঞাপনচিত্র ও ইনস্টাগ্রামে প্রচারণামূলক পোস্টের জন্য তাঁর পারিশ্রমিক ৫০ থেকে ৬০ লাখ রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তারকাসন্তান হওয়ার কারণে সমালোচনার পাশাপাশি ব্যক্তিগত চেহারা নিয়েও নানা বিদ্রূপের মুখে পড়তে হয়েছে অনন্যাকে। নায়িকা হিসেবে তিনি উপযুক্ত নন—এমন মন্তব্যও শুনেছেন। এক সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছিলেন, ক্যারিয়ারের শুরুর দিকে এসব সমালোচনা সামলানো তাঁর জন্য কঠিন ছিল। তবে সময়ের সঙ্গে বুঝেছেন, অভিনয়জগতে কাজ করতে গেলে সমালোচনাকে সামলে এগিয়ে যেতে হয়।

চলতি বছর অনন্যাকে দেখা যাবে ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ সিনেমায়। এতে তাঁর সহশিল্পী কার্তিক আরিয়ান। সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে। এ ছাড়া অনন্যা অভিনীত ‘চাঁদ মেরা দিল’ সিনেমাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

সমালোচনা, ব্যর্থতা ও নানা বিতর্ক পেরিয়ে অভিনয়ে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন অনন্যা পান্ডে। জন্মদিনে তাই তাঁর ব্যক্তিগত জীবন ও সম্পদের পাশাপাশি ক্যারিয়ারের পরিবর্তন নিয়েও আলোচনা হচ্ছে।


Share: