তন্ত্র, রহস্য, ভয় আর প্রতিশোধের গল্প নিয়ে পর্দায় আসছে নতুন বাংলা সিনেমা ‘ডাকিনী বিদ্যা’। সৌনব নাগ পরিচালিত এই ছবিতে প্রচলিত ধারণার বাইরে গিয়ে ডাকিনী বিদ্যার ভিন্ন এক দিক তুলে ধরা হবে। মারণ, উচাটন ও বশীকরণের মতো বিষয় নিয়ে মানুষের মনে যে ভয় রয়েছে, সেই ধারণাকে ঘিরেই এগোবে ছবির গল্প। পরিচালকের লক্ষ্য, ডাকিনী বিদ্যা মানেই অশুভ—এমন ধারণার বাইরে গিয়ে বিষয়টির নানা দিক তুলে ধরা।
ছবিতে অভিনয় করছেন পায়েল সরকার, ঋষভ বসু, বিশ্বরূপ বিশ্বাস ও সাহেব চট্টোপাধ্যায়। তন্ত্রের ব্যবহার মানুষের জীবনে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা ইতিবাচক না নেতিবাচক—এসব প্রশ্নের উত্তর খোঁজা হবে সিনেমায়। পাশাপাশি ছবির চরিত্রগুলো কীভাবে এই বিদ্যার সঙ্গে জড়িয়ে পড়ে, সেই রহস্যও ধীরে ধীরে উন্মোচিত হবে।
ডাকিনী, যক্ষিণী ও কর্ণপিশাচিনীকে ঘিরে প্রচলিত ধারণা এবং তাদের সঙ্গে সংযোগ স্থাপনের বিদ্যা নিয়েও গল্পে উঠে আসবে নানা প্রসঙ্গ। এই বিদ্যা অর্জনের চেষ্টা একজন সাধকের জীবনে কী পরিণতি ডেকে আনতে পারে, সেই প্রশ্নও থাকবে সিনেমার কাহিনিতে। রহস্যের পাশাপাশি গল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রতিশোধের আখ্যান।
ছবির কিছু অংশের শুটিং হবে সুন্দরবনে। সেখানকার মনোরম প্রকৃতি যেমন পর্দায় তুলে ধরা হবে, তেমনি গল্পের প্রয়োজনে সেই প্রকৃতির ভয়াল রূপও দেখা যাবে। রহস্য ও রোমাঞ্চের সঙ্গে দর্শকের জন্য থাকছে প্রেমের গল্প, নাচ ও গান।
পরিচালক জানিয়েছেন, ‘ডাকিনী বিদ্যা’ মূলত প্রেম, জীবন ও প্রতিশোধের আখ্যান। তন্ত্র কীভাবে ছবির চরিত্রগুলোর দৈনন্দিন জীবন ও সিদ্ধান্তকে প্রভাবিত করছে, তা পুরো গল্পজুড়ে ফুটিয়ে তোলা হবে। ভয় ও রহস্যের আবহের পাশাপাশি সম্পর্কের টানাপোড়েনও থাকবে এতে।
ছবিতে আরও অভিনয় করছেন অমিতাভ ভট্টাচার্য, পারিজাত চৌধুরী, শ্রীতমা বৈদ্য, শ্রীতমা দে, অরুণাভ দে, শতদীপ সাহা, প্রদীপ ধর, পারমিতা মুখোপাধ্যায় ও অনির্বাণ সিকদার। রহস্য, তন্ত্র, প্রেম ও প্রতিশোধের মিশেলে ‘ডাকিনী বিদ্যা’ দর্শকদের জন্য ভিন্ন স্বাদের বাংলা সিনেমার অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করছেন নির্মাতারা।