Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / সাফারি পার্কে ময়লা পরিষ্কার নিয়ে হামলা, আহত আট - Chief TV

সাফারি পার্কে ময়লা পরিষ্কার নিয়ে হামলা, আহত আট - Chief TV

2026-08-30  ডেস্ক রিপোর্ট  39 views
সাফারি পার্কে ময়লা পরিষ্কার নিয়ে হামলা, আহত আট - Chief TV

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দর্শনার্থী বাসের সিটে থাকা ময়লা পরিষ্কার করতে বলাকে কেন্দ্র করে বন প্রহরী ও দর্শনার্থীদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। এতে নারী দর্শনার্থীসহ আটজন আহত হয়েছেন। এ সময় দর্শনার্থীদের মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগও উঠেছে পার্কের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে।

শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পার্কের সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের একটি কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার পর পার্ক কর্তৃপক্ষ অভিযুক্ত বন প্রহরী ফরহাদকে সাময়িক বরখাস্ত করেছে। একই ঘটনায় এক দর্শনার্থী শ্রীপুর থানায় মামলা করেছেন। রোববার (৩০ আগস্ট) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

আহতদের মধ্যে রয়েছেন রাজধানীর বারিধারা এলাকার সালমা হোসেন (৪৫), তার দুই ছেলে আহনাফ মাহিন (১৭) ও জারিফ (১৫), গাড়িচালক রাসেল (২৫), মানিক মিয়া (৩৭), আরমান (৪৫), দোয়েল হক (৩৫) ও আশিক (৩৫)।

দর্শনার্থী সালমা হোসেনের অভিযোগ, শনিবার দুপুরে দুই ছেলেকে নিয়ে তিনি সাফারি পার্কে যান। কোর সাফারির দর্শনার্থী বাসে উঠে সিটে ময়লা দেখতে পেয়ে দায়িত্বে থাকা প্রহরী ফরহাদকে তা পরিষ্কার করতে বলেন। এ নিয়ে তার ছেলের সঙ্গে ফরহাদের তর্ক হয়। পরে কোর সাফারি ঘুরে বাসটি তাদের নির্ধারিত স্থানে না নামিয়ে পার্কের সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের নিচে নিয়ে যাওয়া হয়।

সালমার দাবি, সেখানে ফরহাদসহ পার্কের কয়েকজন কর্মচারী তার দুই ছেলে ও গাড়িচালক রাসেলকে মারধর করেন। তিনি বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দেওয়া হয়। এ সময় তার তিন ভরি ওজনের সোনার চেইন, তার ও ছেলের মোবাইল ফোন এবং নগদ ৮০ হাজার টাকা খোয়া যায় বলেও অভিযোগ করেন তিনি।

সাফারি পার্কে দায়িত্বে থাকা টুরিস্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাঈন উদ্দিন জানান, সিট পরিষ্কার করা নিয়ে দর্শনার্থী ও প্রহরী ফরহাদের মধ্যে প্রথমে তর্ক হয়। একপর্যায়ে দর্শনার্থীর ছেলের সঙ্গে প্রহরীর হাতাহাতি হয়। পরে ফরহাদ অন্যদের সঙ্গে যোগাযোগ করলে দর্শনার্থী বাসটিকে পার্কের কার্যালয়ের নিচে নিয়ে আসা হয়। সেখানে দুই পক্ষের মধ্যে ফের তর্কাতর্কির একপর্যায়ে বন প্রহরীরা ওই তরুণকে মারধর করেন।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, সিটের ময়লা পরিষ্কার করা নিয়ে প্রহরীর সঙ্গে দর্শনার্থীদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে কার্যালয়ের নিচে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে পার্কের দুজন কর্মচারীও আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম. কে. এম. ইকবাল হোছাইন চৌধুরী বলেন, পার্কের এক কর্মীকে আহত করার পর বিষয়টি নিয়ে আলোচনার জন্য দর্শনার্থীদের কার্যালয়ে আনা হয়েছিল। সেখানে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বন বিভাগের কর্মী ফরহাদকে বরখাস্ত করা হয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দর্শনার্থীর পক্ষ থেকে মামলা করা হয়েছে। পাশাপাশি পার্ক কর্তৃপক্ষও রাতে একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: