রাজধানীর তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে নৌ-পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা জেলা নৌ-পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। বুধবার বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নৌ-পুলিশের এই কর্মকর্তা জানান, মরদেহের শরীরে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। তবে শুধু বাহ্যিক অবস্থা দেখে মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব নয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নৌ-পুলিশের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন ও পরবর্তী তদন্তের তথ্য পাওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।