Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / চকোলেট না পেয়ে মায়ের বিরুদ্ধে থানায় ৩ বছরের শিশু - Chief TV

চকোলেট না পেয়ে মায়ের বিরুদ্ধে থানায় ৩ বছরের শিশু - Chief TV

2026-08-17  ডেস্ক রিপোর্ট  64 views
চকোলেট না পেয়ে মায়ের বিরুদ্ধে থানায় ৩ বছরের শিশু - Chief TV

মায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে বাবার হাত ধরে থানায় হাজির হয়েছে মাত্র ৩ বছরের এক শিশু। অভিযোগ শুনে দায়িত্বে থাকা নারী পুলিশ কর্মকর্তা প্রথমে হাসি সামলাতে না পারলেও পরে মজার ছলে শিশুটির অভিযোগ লিখে নেন। এমনকি অভিযোগপত্রে শিশুটির ‘স্বাক্ষরও’ করিয়ে নেন তিনি। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাধারণ শিশুদের মতো বাড়িতে বাবা-মায়ের কাছে অভিমান বা অভিযোগ না জানিয়ে নিজের সমস্যা নিয়ে সরাসরি পুলিশের দ্বারস্থ হয়েছে শিশুটি। তার অভিযোগ, মা তাকে চকোলেট খেতে দেননি। এমনকি হাতে থাকা চকোলেটও কেড়ে নিয়েছেন। মায়ের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে বাবার সঙ্গে থানায় গিয়ে নালিশ জানায় সে।

থানায় নারী পুলিশ কর্মকর্তার সামনে নিজের অভিযোগ তুলে ধরে শিশুটি। কর্মকর্তা মনোযোগ দিয়ে তার কথা শোনেন। অভিযোগের বিষয়টি বুঝতে পেরে একপর্যায়ে হেসে ফেলেন তিনি। তবে শিশুটিকে নিরাশ না করে মজার ছলেই তার অভিযোগটি লিখে নেন এবং পরে শিশুটির কাছ থেকে তাতে ‘স্বাক্ষর’ও করিয়ে নেন।

পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘সচিন বর্মা’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে ভিডিওটি বহু মানুষ দেখেছেন এবং এতে অসংখ্য লাইক ও মন্তব্য পড়েছে।

ভিডিওটি দেখে নেটিজেনদের অনেকেই শিশুটির সরলতা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, নিজের সমস্যা সমাধানে এত ছোট বয়সেই পুলিশের সাহায্য নেওয়ার সিদ্ধান্তটি বেশ মজার ও অভিনব।

চকোলেট না পাওয়ার ‘অপরাধে’ মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে যাওয়া শিশুটির কাণ্ড এখন সামাজিক যোগাযোগমাধ্যমে হাসি ও আনন্দের খোরাক হয়ে উঠেছে।


Share: