চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে পিছিয়ে রয়েছেন মানবিক বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার মাত্র ৪২ দশমিক ১৭ শতাংশ। বিপরীতে বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৩ দশমিক ১২ শতাংশ। আর ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছেন ৫০ দশমিক ৭৭ শতাংশ পরীক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে বিভাগভিত্তিক ফলাফলের এ চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মানবিক বিভাগে এবার বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রদের মধ্যে পাস করেছেন ৯০ হাজার ৬৬৪ জন। মোট পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ৫৮ হাজার ৯৩২ জন। ফলে অকৃতকার্য ছাত্রের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ২৬৮ জন।
অন্যদিকে মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া ৩ লাখ ৪৮ হাজার ৮০৩ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ১ লাখ ৬৫ হাজার ৬৪৭ জন। এ বিভাগে অকৃতকার্য ছাত্রীর সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ১৫৬ জন।
ছাত্র ও ছাত্রী মিলিয়ে মানবিক বিভাগে মোট পাস করেছেন ২ লাখ ৫৬ হাজার ৩১১ জন। বিপরীতে অকৃতকার্য হয়েছেন ৩ লাখ ৫১ হাজার ৪২৪ জন। অর্থাৎ এ বিভাগে পাস করা শিক্ষার্থীর চেয়ে অকৃতকার্যের সংখ্যা বেশি।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো করেছেন। এ বিভাগে পাসের হার ৭৩ দশমিক ১২ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগ, যেখানে পাসের হার ৫০ দশমিক ৭৭ শতাংশ। আর ৪২ দশমিক ১৭ শতাংশ পাসের হার নিয়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে মানবিক বিভাগ।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। তবে নির্ধারিত পরীক্ষার্থীদের একটি অংশ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।