ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও মনওয়ার হোসেন ডিপজল দীর্ঘ ১২ বছর পর আবারও একই সিনেমায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। সর্বশেষ ২০১৪ সালে পি এ কাজল পরিচালিত ‘লাট্টু কসাই’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল এই দুই অভিনেতাকে।
এক যুগের বিরতি কাটিয়ে শাকিব খান ও ডিপজলকে একই পর্দায় ফেরানোর উদ্যোগ নিয়েছেন প্রযোজক ও পরিচালক হিমেল আশরাফ। নতুন এই সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে এরই মধ্যে চিত্রনাট্য ও প্রাথমিক পরিকল্পনার কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাতা।
‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো সফল সিনেমা নির্মাণ করা হিমেল আশরাফের পরিচালনায় বড় বাজেটের এই তারকাখচিত সিনেমাটি ঘিরে চলচ্চিত্র অঙ্গনে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। শাকিব খানের মেগাস্টার ইমেজের সঙ্গে ডিপজলের শক্তিশালী অভিনয় ও সংলাপের কেমিস্ট্রি বড় পর্দায় নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
দীর্ঘ সময় পর জনপ্রিয় এই দুই তারকার পুনর্মিলন দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করতে পারে। একই সঙ্গে সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানার পাশাপাশি দেশীয় চলচ্চিত্রে বড় ধরনের ব্যবসায়িক সাফল্যও এনে দিতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।