Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / ১৩০ বছর বয়সে হজ করা সেই নারী মারা গেছেন - Chief TV

১৩০ বছর বয়সে হজ করা সেই নারী মারা গেছেন - Chief TV

2026-10-19  ডেস্ক রিপোর্ট  37 views
১৩০ বছর বয়সে হজ করা সেই নারী মারা গেছেন - Chief TV

আলজেরিয়ার ১৩২ বছর বয়সী প্রবীণ নারী হাজ্জা সারহুদা সিতিতি মারা গেছেন। জীবনের শেষ দিকে ১৩০ বছর বয়সে পবিত্র হজ পালন করে আলোচনায় আসা এই নারীর মৃত্যুর খবর সম্প্রতি প্রকাশ করেছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া। তাঁর হজ পালনের বিশেষ ভিডিওচিত্রও শেয়ার করা হয়েছে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে।

১৮৯৪ সালে আলজেরিয়ার গালমা প্রদেশের শিনিউ এলাকায় জন্মগ্রহণ করেন সারহুদা। পরবর্তী সময়ে তিনি তেবেসা শহরে বসবাস করতেন। দীর্ঘ জীবন, বড় পরিবার এবং জীবনের শেষ প্রান্তে পবিত্র হজ পালনের কারণে তিনি দেশজুড়ে পরিচিতি লাভ করেন।

মাত্র ২০ বছর বয়সে বিয়ে করেন সারহুদা। তাঁর ১৫ জন সন্তান ছিল। জীবনের দীর্ঘ সময় সন্তান, নাতি-নাতনি ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাটিয়েছেন তিনি। তাঁর জীবনকাহিনি আলজেরিয়ার মানুষের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করে।

২০২৪ সালের জুনে ১৩০ বছর বয়সে পবিত্র হজ পালন করেন সারহুদা। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে সৌদি আরবে হজ করতে যাওয়ার খবর তখন বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। এর আগে তিনি দুইবার পবিত্র ওমরাহ পালন করেছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৮৯৪ সালে জন্ম নেওয়া সারহুদা আলজেরিয়ার ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী ছিলেন। তাঁর জীবদ্দশায় দেশটি ফরাসি ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। পরে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা অর্জন এবং কয়েক দশকের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন প্রত্যক্ষ করেন তিনি।

তেবেসায় পরিবারের সঙ্গে বসবাস করা সারহুদার দীর্ঘ জীবন আলজেরিয়ার কয়েক প্রজন্মের পরিবর্তনের সঙ্গে জড়িয়ে রয়েছে। তাঁর মৃত্যুতে দেশটিতে শোকের পাশাপাশি তাঁর ব্যতিক্রমী জীবন ও হজ পালনের স্মৃতিও নতুন করে আলোচনায় এসেছে।


Share: