জামালপুরের মেলান্দহে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মুফতি মিজানুর রহমান (৪৭) নামে এক মসজিদের ইমাম ও খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে নতুন করে দায়ের করা একটি মামলায় তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বুধবার দিবাগত রাতে কুমিল্লা নগরের শাসনগাছা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জামালপুরের পুলিশ সুপারের নির্দেশনায় মেলান্দহ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার মিজানুর রহমান কুমিল্লার লাকসাম উপজেলার উত্তর গাজীপুরের আসরা মসজিদবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মেলান্দহ উপজেলার মালঞ্চ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখানে যোগদানের প্রায় তিন মাসের মাথায় স্থানীয় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, গত ৭ অক্টোবর রাতে স্ত্রী-সন্তানসহ তিনি আত্মগোপনে চলে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, মিজানুর রহমানকে গ্রেপ্তার করতে পুলিশকে বেশ বেগ পেতে হয়েছে। তিনি বিভিন্ন সময়ে একেকটি মুঠোফোনের সিম ব্যবহার করতেন। পরে কুমিল্লায় তাঁর অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের পরিকল্পনা করা হয়। এক ব্যক্তির মাধ্যমে প্রথমে তাঁকে ১০ হাজার টাকা দেওয়া হয়। পরে আরও টাকা দেওয়ার কথা বলে ডেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মালঞ্চ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আগে মেলান্দহ থানায় অভিযোগ করা হয়েছিল।
ভুক্তভোগীদের পক্ষে মালঞ্চ গ্রামের আবদুস সালাম মাস্টারের ছেলে ইসমাইল হোসেন রাজা (৫০) বাদী হয়ে নতুন করে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তারের পর মিজানুর রহমানকে আদালতে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান জুয়ার টাকা জোগাড় করতে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। দেশের অন্য স্থানেও একই কায়দায় অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।