জয়পুরহাটের আক্কেলপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনের বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা মিজানুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মিজানুর রহমান রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। রোববার রাতে তাঁর বহিষ্কারের বিষয়টি জানিয়ে আদেশ প্রকাশ করে আক্কেলপুর উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম বা অপকর্মে জড়িত হলে তাঁকে ছাড় দেওয়া হবে না।
বহিষ্কারাদেশে বলা হয়েছে, মিজানুর রহমানের বিরুদ্ধে অন্যের বাড়ি দখলসহ সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ কারণে গত ২১ জুলাই তাঁকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি না ছাড়ায় দলের ভাবমূর্তি রক্ষায় তাঁকে বিএনপির সব পদ ও সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়কালী গ্রামের প্রায় চার শতাংশ জমির ওপর বেলাল হোসেনের একটি দোতলা পাকা বাড়ি রয়েছে। কয়েক বছর আগে বাড়িটি অগ্রণী ব্যাংকের জিয়ানগর শাখায় বন্ধক রেখে তিনি ১২ লাখ টাকা ঋণ নেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর বেলাল হোসেন আত্মগোপনে চলে গেলে তাঁর স্ত্রীও বাড়ি ছেড়ে যান। পরে মিজানুর রহমান বাড়িটি দখলে নেন বলে অভিযোগ উঠেছে।
তবে বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করেছেন মিজানুর রহমান। তাঁর দাবি, বাড়িটি যে জমির ওপর নির্মিত, সেটি তাঁদের পৈতৃক সম্পত্তি। বেলাল হোসেন তাঁদের জমি দখল করে বাড়ি নির্মাণ করেছিলেন। তাই তাঁরা নিজেদের জায়গা ফেরত নিয়েছেন।
এ ঘটনায় বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, অভিযোগটি তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) বজলুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এসআই বজলুর রহমান বলেন, তিনি এলাকায় গিয়ে মিজানুর রহমানের সঙ্গে কথা বলেছেন। মিজানুর রহমান বাড়িটির জায়গা তাঁর দাদার সম্পত্তি বলে দাবি করেছেন। তবে বিষয়টি নিয়ে থানায় বসার কথা থাকলেও তিনি সেখানে উপস্থিত হননি।