Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / 'আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে' মত্যুর আগে আলিফের আকুতি - Chief TV

'আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে' মত্যুর আগে আলিফের আকুতি - Chief TV

2026-08-31  ডেস্ক রিপোর্ট  37 views
'আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে' মত্যুর আগে আলিফের আকুতি - Chief TV

স্পেনের রাজধানী মাদ্রিদে একটি বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) মাদ্রিদের আরগানজুয়েলা জেলার কাইয়ে কানারিয়াস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ হাসান আলিফ গাজীপুরের কাপাসিয়া উপজেলার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। জীবিকার সন্ধানে কিছুদিন আগে তিনি স্পেনে পাড়ি জমান। দেশটির নতুন নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর মাত্র দুই দিন আগে তিনি কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট পেয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফুড ডেলিভারির কাজে ব্যবহৃত বাইসাইকেল নিতে গ্যারেজে যান আলিফ। এ সময় একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরণের পর দ্রুত গ্যারেজজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে আলিফসহ তার দুই সহকর্মী আগুনের মধ্যে আটকা পড়েন।

আগুনের ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হওয়ায় আটকে পড়া কর্মীরা সহায়তার জন্য আকুতি জানান। তবে আগুনের ভয়াবহতার কারণে আলিফকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গ্যারেজে জমে থাকা ক্ষতিকর ধোঁয়া ও গ্যাস অপসারণের কাজ করা হয় এবং নিরাপত্তার স্বার্থে অন্যান্য ইলেকট্রিক বাইসাইকেল বাইরে সরিয়ে নেওয়া হয়।

ঘটনাস্থলেই চিকিৎসকরা ইউসুফ হাসান আলিফকে মৃত ঘোষণা করেন। অগ্নিকাণ্ডে আহত তার অপর দুই সহকর্মীকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাত্র দুই দিন আগে ওয়ার্ক পারমিট হাতে পেয়ে নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন গাজীপুরের এই তরুণ। কিন্তু মাদ্রিদের আকস্মিক অগ্নিকাণ্ডে সেই স্বপ্ন পূরণের আগেই তার জীবন থেমে গেল।


Share: