Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / আসিফ মাহমুদের দুর্নীতি অনুসন্ধানে দুদক, পাওয়া গেছে প্রাথমিক সত্যতা - Chief TV

আসিফ মাহমুদের দুর্নীতি অনুসন্ধানে দুদক, পাওয়া গেছে প্রাথমিক সত্যতা - Chief TV

2026-09-02  ডেস্ক রিপোর্ট  43 views
আসিফ মাহমুদের দুর্নীতি অনুসন্ধানে দুদক, পাওয়া গেছে প্রাথমিক সত্যতা - Chief TV

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, পদোন্নতি ও কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসিফ মাহমুদ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বদলি বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এ অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে দুদক। দলের নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম।

অনুসন্ধানের আওতায় থাকা অন্য তিন ব্যক্তি হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদক সূত্রের বরাতে জানা গেছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে ঘুষ গ্রহণ, মানিলন্ডারিং, বিদেশে অর্থপাচার, অবৈধ বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি, স্বজনপ্রীতি ও আঞ্চলিক প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

এ ছাড়া সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও অনুসন্ধানের আওতায় এসেছে। তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

তবে এসব অভিযোগের সত্যতা অনুসন্ধানের মাধ্যমে যাচাই করা হবে। অনুসন্ধান শেষে অভিযোগগুলোর বিষয়ে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।


Share: