Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / দিনাজপুর / ‘আত্রাইয়ের হুজুরে’র পানিপড়া নিতে ফুলবাড়ী স্টেশনে উপচেপড়া ভিড় - Chief TV

‘আত্রাইয়ের হুজুরে’র পানিপড়া নিতে ফুলবাড়ী স্টেশনে উপচেপড়া ভিড় - Chief TV

2026-10-30  ডেস্ক রিপোর্ট  29 views
‘আত্রাইয়ের হুজুরে’র পানিপড়া নিতে ফুলবাড়ী স্টেশনে উপচেপড়া ভিড় - Chief TV

রোগমুক্তির আশায় নওগাঁর আত্রাইয়ের এক হুজুরের কাছ থেকে পানিপড়া নিতে দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনে ভিড় করছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকে স্টেশনজুড়ে এই জনসমাগম দেখা গেছে। তাঁদের অনেকেই নিজের কিংবা স্বজনদের রোগমুক্তির আশায় আত্রাই যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করছেন।

সরেজমিনে দেখা যায়, ফুলবাড়ী রেলস্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় মানুষের উপচেপড়া ভিড়। কেউ একা, কেউ আবার আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে আত্রাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের ভিড়ে সাধারণ যাত্রীদেরও প্ল্যাটফর্মে চলাচলে কিছুটা অসুবিধায় পড়তে হচ্ছে।

স্থানীয়রা জানান, আত্রাইয়ের ওই হুজুরের পানিপড়া নিতে বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ফুলবাড়ী স্টেশনে আসছেন। তাঁদের কয়েকজনের দাবি, ওই পানিপড়া গ্রহণ করলে রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায়। এমন কথা শুনেই তাঁরা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আমবাড়ী এলাকার ক্যানসারে আক্রান্ত শফিকুল ইসলাম বলেন, হুজুরের পানিপড়া খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলে শুনেছেন তিনি। ক্যানসারের চিকিৎসা করাতে গিয়ে তাঁর প্রায় সব সম্পদ শেষ হওয়ার পথে। তাই শেষ ভরসা হিসেবে পানিপড়া নিতে আত্রাই যাচ্ছেন।

আদিবাসী গৃহবধূ রুপালী হাঁসদা জানান, বিয়ের চার বছর পার হলেও তাঁদের সন্তান হয়নি। এ কারণে স্বামী-স্ত্রী মিলে আত্রাইয়ের ওই হুজুরের কাছে পানিপড়া নিতে যাচ্ছেন। পানিপড়া নিলে সন্তান হবে বলে তাঁদের বিশ্বাস।

ফুলবাড়ী রেলস্টেশনের স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী বলেন, কয়েক দিন ধরেই স্টেশনে এমন ভিড় দেখা যাচ্ছে। তাঁদের অনেকেই আত্রাইয়ের এক হুজুরের কাছ থেকে পানিপড়া নিতে যাওয়ার কথা জানিয়েছেন।

তিনি আরও বলেন, ফুলবাড়ী থেকে ঢাকা, খুলনা ও রাজশাহীগামী বিভিন্ন ট্রেনে আত্রাইগামী যাত্রীরা উঠছেন। যেসব ট্রেন আত্রাই স্টেশনে থামে না, সেসব ট্রেনের যাত্রীরা সান্তাহার অথবা নাটোরে নেমে বাস ও সিএনজিচালিত অটোরিকশায় আত্রাই যাচ্ছেন। যাত্রীদের স্বাভাবিক ওঠানামা ও চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


Share: