Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাকে চাপা দিয়ে হত্যা, ট্রাকচালক গ্রেপ্তার - Chief TV

পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাকে চাপা দিয়ে হত্যা, ট্রাকচালক গ্রেপ্তার - Chief TV

2026-10-30  ডেস্ক রিপোর্ট  20 views
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাকে চাপা দিয়ে হত্যা, ট্রাকচালক গ্রেপ্তার - Chief TV

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকচাপায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ও বিএনপির এক নেতা নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত ট্রাকচালক মো. মাজহারুল ইসলামকে (২৫) পিরোজপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে এসআরবি-৮, বরিশালের সহকারী পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা সাথী আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে পিরোজপুরের জিয়ানগর উপজেলার টগড়া-চরখালী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মাজহারুলকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-১, গাজীপুরের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাত আড়াইটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের প্রধান ফটকের পশ্চিম পাশে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে চোর সন্দেহে দুই ব্যক্তিকে তল্লাশি করছিলেন কালীগঞ্জ থানার পুলিশ সদস্যরা। এ সময় সেখানে উপস্থিত হন কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫)।

এজাহার অনুযায়ী, রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্য ও বিএনপি নেতাকে ধাক্কা দেয়। এতে পুলিশের পিএসআই জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন। ট্রাকটি রফিকুল ইসলাম মোল্লার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ সময় ট্রাকটি থামানোর চেষ্টা করেন এসআই মো. মিজানুর রহমান। কিন্তু চালক ট্রাকের গতি বাড়িয়ে দিলে তিনি সামনের অংশে ঝুলন্ত অবস্থায় প্রায় ৫০০ গজ টেনে নিয়ে গিয়ে তাঁকে ফেলে পালিয়ে যান বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৭ মিনিটে মারা যান এসআই মিজানুর রহমান।

এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

এসআরবি-৮-এর গণমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার জানান, চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারে এসআরবি-১ ও এসআরবি-৮-এর যৌথ দল অভিযান পরিচালনা করে।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এসআরবি সদস্যরা মাজহারুল ইসলামকে থানায় হস্তান্তর করেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।


Share: