ভারতের মুম্বাইয়ের পোওয়াই এলাকায় বদনজর দূর করার কথা বলে হিজড়ার বেশে এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২৮ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম অনিল শীষরাও সিন্দে। গত ১৮ আগস্ট এ ঘটনা ঘটে।
পুলিশের বরাতে শুক্রবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অনিল হিজড়ার পাশাপাশি ভিক্ষুকের বেশও ধারণ করেছিলেন। পরে বদনজর দূর করার কথা বলে ওই নারীর বাড়িতে প্রবেশ করেন। ঘরে ঢোকার পর তাকে হুমকি দিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তারা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে শনাক্ত করে। ফুটেজে দেখা যায়, শাড়ি পরা অনিল ঘটনাস্থল থেকে একটি অটোরিকশায় করে খড়গাঁওয়ের একটি বস্তি এলাকায় চলে যান। পরে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে। একই সঙ্গে অপরিচিত কাউকে কোনোভাবেই বাড়িতে প্রবেশ করতে না দেওয়া এবং নিরাপত্তার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা।