Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন ফারুকী, যা জানালেন - Chief TV

বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন ফারুকী, যা জানালেন - Chief TV

2026-10-25  ডেস্ক রিপোর্ট  42 views
বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন ফারুকী, যা জানালেন - Chief TV

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য সম্পর্কে ফাটল ধরেছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে। তাঁদের আলাদা থাকার খবরও আলোচনায় এসেছে। তবে এসব খবরকে মিথ্যা প্রচারণা বলে উড়িয়ে দিয়েছেন ফারুকী। ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের বদলে নতুন কাজ নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ফারুকী বলেন, তাঁকে নিয়ে আগেও নানা ধরনের অপপ্রচার ও মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছে। বর্তমানে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, মিথ্যা সংবাদ প্রচার করলেই কোনো ঘটনা সত্য হয়ে যায় না। এসব বিষয়ে কথা বললে গুঞ্জন আরও উৎসাহ পেতে পারে বলে তিনি ও তিশা এ নিয়ে মন্তব্য করতে চান না।

ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চললেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারুকী। গত ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসরের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন তিনি। সফরের আগে একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেন। ১৭ অক্টোবর দেশে ফিরে আবারও বিজ্ঞাপন নির্মাণে যুক্ত হন।

ফারুকী জানিয়েছেন, বর্তমানে তিনটি বিজ্ঞাপনচিত্রের কাজ করছেন তিনি। এর মধ্যে একটি বিজ্ঞাপনচিত্রের দৃশ্যধারণ ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায় সম্পন্ন হয়েছে।

এদিকে নতুন সিনেমার চিত্রনাট্য লেখার কাজও করছেন এই নির্মাতা। সম্ভাব্য নাম রেখেছেন ‘টু হেল, উইথ লাভ’। সিনেমাটির গল্প সম্পর্কে ফারুকী বলেন, এটি নতুন দিনের প্রেমের গল্প। প্রেম ও বন্ধুত্বের মাঝামাঝি এক অনুভূতির জগৎ নিয়ে গল্পটি এগোবে। তাঁর মতে, এটি প্রেমের বিস্তৃত মানচিত্রেরই একটি গল্প।

সিনেমাটির বিষয়বস্তু সম্পর্কে তিনি আরও বলেন, অনেকে তাঁর আগের কাজের কারণে রাজনৈতিক ব্যঙ্গধর্মী গল্পের ধারণা করতে পারেন। তবে নতুন সিনেমাটি মূলত হৃদয়ভাঙার বেদনাময় একটি গল্প।

অন্যদিকে তিশাও নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফুলস্ক্রিন’-এর ইউটিউব চ্যানেলে গত ২৮ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত একটি নাটক।

দাম্পত্য জীবন নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন সম্পর্কে ফারুকী ও তিশার পক্ষ থেকে নতুন কোনো মন্তব্য পাওয়া যায়নি। আপাতত দুজনের কাজই বিনোদন অঙ্গনে আলোচনায় রয়েছে।


Share: