নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল মহানগর বিএনপি। তবে সেই ঘোষণার পরও আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলের লংমার্চ কর্মসূচিতে অংশ নিতে নারায়ণগঞ্জে আসছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার।
এর আগে গত ১ আগস্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ওই কর্মসূচিতে বিএনপির নেতারা তার বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জে এলে রাজনৈতিকভাবে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন দলটির নেতাকর্মীরা।
মহানগর বিএনপির ওই কর্মসূচিতে সংগঠনটির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনও পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানান এবং তাকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন।
এদিকে এক মাসের ব্যবধানে ৫ সেপ্টেম্বর ১১ দলের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারীর। ফলে বিএনপির আগের ঘোষণার পর তার এই সফরকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার জানান, কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত থাকবেন। এছাড়া সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহরও উপস্থিত থাকার কথা রয়েছে।
যুবাইর আহমেদ সরদার বলেন, এই লংমার্চ ও সমাবেশ কোনো দলীয় স্বার্থে নয়। সাধারণ মানুষের বিদ্যুৎ, গ্যাস এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদেই কর্মসূচি আয়োজন করা হয়েছে। এ সময় তিনি যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন, পথসভা ও লংমার্চ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।