জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ভেঙে ট্রেনটি বিকল হয়ে পড়েছে। এতে উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আকস্মিক এ ঘটনায় বিভিন্ন স্টেশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শনিবার (২২ আগস্ট) সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে ৭৩২ নম্বর বরেন্দ্র এক্সপ্রেস। জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই ট্রেনটির একটি যাত্রীবাহী কোচের কয়েল স্প্রিং ভেঙে নিচের দিকে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে।
ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন জানান, কোচের স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি চালক ও পরিচালকেরা দ্রুত বুঝতে পারেন। সময়মতো বিষয়টি শনাক্ত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেন ও শত শত যাত্রী রক্ষা পেয়েছেন।
ট্রেনটি বিকল হয়ে পড়ায় পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন পথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর প্রভাবে আশপাশের কয়েকটি স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।
ঘটনার পর বরেন্দ্র এক্সপ্রেসটি উদ্ধারে পার্বতীপুর ও সান্তাহার জংশন স্টেশনে খবর দেওয়া হয়। পরে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছেন ট্রেনটির পরিচালক।
তবে উদ্ধারকাজ শেষ করে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ।