Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / চাঁদাবাজির সমালোচনা করে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার - Chief TV

চাঁদাবাজির সমালোচনা করে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার - Chief TV

2026-08-28  ডেস্ক রিপোর্ট  76 views
চাঁদাবাজির সমালোচনা করে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার - Chief TV

ভোলার চরফ্যাশনে বিএনপির চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার পর হাজারীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসনাইন মঞ্জুকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) চরফ্যাশন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ ফরাজি ও সদস্যসচিব কাজী অনিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

হাসনাইন মঞ্জুর দাবি, অন্যায়ের প্রতিবাদ করায় ব্যক্তিগত প্রতিহিংসা, রাজনৈতিক গ্রুপিং ও লবিংয়ের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, বিএনপির দুর্দিনেও তিনি অনলাইন ও রাজপথে সক্রিয় ছিলেন। স্থানীয়ভাবে দলের বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাকে টার্গেট করা হয়েছে।

ফেসবুক পোস্টে হাসনাইন মঞ্জু চরফ্যাশনে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে সরকারি বরাদ্দের কাজ ভাগ-বাটোয়ারা, নিয়োগে অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন। তিনি এসব অভিযোগ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতি আহ্বান জানান।

এ ছাড়া তিনি স্থানীয় বিএনপির নেতৃত্ব নিয়েও সমালোচনা করেন এবং দলের তৃণমূলের নেতাকর্মীরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন।

তবে তার এসব অভিযোগের বিষয়ে চরফ্যাশন উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আহ্বায়ক আরিফ ফরাজি সাংবাদিক পরিচয় জানার পর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সদস্যসচিব কাজী অনিকও সভাপতির অনুমতি ছাড়া বক্তব্য দিতে পারবেন না বলে জানান।


Share: