চাঁদপুর শহরের এস কে শিল্পালয়ের স্বত্বাধিকারী পিন্টু দাস, তার স্ত্রী ও দুই ছেলেসহ একই পরিবারের চার সদস্য নিখোঁজ হয়েছেন। বিপুল অঙ্কের ঋণ, পাওনাদারের হুমকি এবং গচ্ছিত স্বর্ণালংকার ফেরত দিতে না পারার অভিযোগের মধ্যে তারা আত্মগোপনে গেছেন বলে ধারণা করছেন স্বজন ও স্থানীয়রা।
নিখোঁজ ব্যক্তিরা হলেন পিন্টু দাস, তার স্ত্রী রিমি দাস, বড় ছেলে প্রিয়ম দাস ও ছোট ছেলে রুপম দাস। প্রিয়ম স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বুধবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন পিন্টু দাসের নিকটাত্মীয় ও চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক উপমা দে।
উপমা দে জানান, পিন্টু দাস স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে চাঁদপুর শহরের একটি ভাড়া বাসায় থাকতেন। তার বিভিন্ন ধরনের ঋণ ছিল। সম্প্রতি পাটোয়ারী বাড়ির এক ব্যক্তি তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছিলেন বলে তারা জানতে পারেন। এরপর থেকেই পরিবারের চার সদস্যের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
স্থানীয় কয়েকজনের দাবি, পিন্টু দাস স্বর্ণ বন্ধক রেখে অর্থ দেওয়ার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে স্বর্ণ বন্ধক রাখার পর তা ফেরত দিতে না পারায় তিনি আর্থিক সংকটে পড়েন। পাশাপাশি ব্যবসার জন্য বিভিন্ন সমিতি থেকে ঋণ নেওয়ার কারণেও তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে দাবি তাদের।
স্থানীয় সূত্র জানায়, পিন্টু দাস বিভিন্ন সময়ে একাধিক স্থানে ব্যবসা পরিচালনা করেছেন। সর্বশেষ চাঁদপুর শহরের মদিনা মার্কেটের নিচতলায় এস কে শিল্পালয় নামে দোকান পরিচালনা করতেন। তার বিরুদ্ধে স্বর্ণের বাজারমূল্যের তুলনায় কম টাকা দিয়ে স্বর্ণ বন্ধক রাখার অভিযোগও করেছেন কয়েকজন।
রঘুনাথপুর এলাকার বাসিন্দা রাসেল খান দাবি করেন, তিনি পিন্টু দাসের কাছে আড়াই ভরি স্বর্ণালংকার ৫০ হাজার টাকায় বন্ধক রেখেছিলেন। পরে টাকা ফেরত দিয়ে স্বর্ণালংকার নিতে গেলে পিন্টু দাস তাকে পরদিন আসতে বলেন। এরপর পরিবারের সদস্যদের নিয়ে তার নিখোঁজ হওয়ার খবর পান। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন বলেও জানান।
এ ছাড়া দক্ষিণ গুণরাজদী এলাকার জাহিদুল ইসলাম ১২ আনা এবং শুভঙ্কর মজুমদার ১০ আনা স্বর্ণ পিন্টু দাসের কাছে বন্ধক রাখার দাবি করেন। তাদের ভাষ্য, প্রায় পাঁচ-ছয় মাস আগে পিন্টু দাস মদিনা মার্কেটে এস কে শিল্পালয় নামে দোকান ভাড়া নেন। তার মূল বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে এবং কুমিল্লা ও মুরাদনগরেও তার আত্মীয়স্বজন রয়েছেন বলে স্থানীয়রা জানান।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, পিন্টু দাসসহ একই পরিবারের চার সদস্য নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করে তাদের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।