Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / চোর সন্দেহে দুই যুবককে মারধর, একজনের মৃত্যু - Chief TV

চোর সন্দেহে দুই যুবককে মারধর, একজনের মৃত্যু - Chief TV

2026-08-15  আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি  49 views
চোর সন্দেহে দুই যুবককে মারধর, একজনের মৃত্যু - Chief TV

জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে আটক করে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় লাল বাদশা মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় মাইদুল (১৮) নামে অপর এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাল বাদশা মিয়া ও আহত মাইদুল আলমপুর ইউনিয়নের নলপুকুর আদর্শ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় ওই দুই যুবককে চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে স্থানীয় কয়েকজন আটক করেন। পরে তাদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে লাল বাদশা অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার বিষয়টি পুলিশের নজরে এলে ক্ষেতলাল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাল বাদশা মিয়ার মরদেহ উদ্ধার করে। একই সময় আহত মাইদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

তবে কী অভিযোগে ওই দুই যুবককে আটক করা হয়েছিল, তাদের ওপর কীভাবে হামলা চালানো হয়েছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে এলে সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: