Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / দেশে ফিরলো কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ - Chief TV

দেশে ফিরলো কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ - Chief TV

2026-08-22  ডেস্ক রিপোর্ট  41 views
দেশে ফিরলো কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ - Chief TV

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সাতক্ষীরা, কুষ্টিয়া ও ঢাকার নিহতদের মরদেহ বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া বিষয়টি জানিয়েছেন। এর আগে গত বুধবার (১৯ আগস্ট) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নিহত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর থেকেই কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের পরিবারের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্নে সহযোগিতা করে আসছে।

শনিবার সকালে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া কুষ্টিয়ার দেবাশীষ দত্ত এবং একই পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলীর মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বিকেলে দেশে আনা হয়। ঢাকার আমিনবাজারের নিহত বাবু আহমেদের মরদেহও একই সীমান্ত দিয়ে দেশে ফিরেছে।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, মরদেহ সংরক্ষণ, পরিবহন ও দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে।

এদিকে সাতক্ষীরার নিহত রেপতি সরকারের মরদেহ পরিবারের ইচ্ছা অনুযায়ী শুক্রবার রাতে কলকাতাতেই সৎকার করা হয়েছে। এ ক্ষেত্রেও বাংলাদেশ উপ-হাইকমিশন আর্থিকসহ প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছে।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।


Share: