Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আবহাওয়া / দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা - Chief TV

দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা - Chief TV

2026-07-06  ডেস্ক রিপোর্ট  130 views
দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা - Chief TV

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে আগামী তিন দিনের মধ্যে কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 

একই সময়ে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের একাধিক জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের উজান এলাকায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাব বাংলাদেশের নদীগুলোতে পড়তে পারে।

এছাড়া ওড়িশা ও দক্ষিণ ঝাড়খণ্ড অঞ্চলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের আবহাওয়ায়ও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কয়েকটি নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে এসব জেলার নদী-তীরবর্তী নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

একই সময়ে লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চল অস্থায়ীভাবে প্লাবিত হতে পারে। পাশাপাশি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদী-সংলগ্ন নিচু এলাকাতেও সাময়িক বন্যার ঝুঁকির কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আবহাওয়ার এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার মানুষদের সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


Share: