Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / ঢাকা-৮ আসনের ভোটার হলেন পাটওয়ারী, মেয়র নির্বাচনের গুঞ্জন - Chief TV

ঢাকা-৮ আসনের ভোটার হলেন পাটওয়ারী, মেয়র নির্বাচনের গুঞ্জন - Chief TV

2026-09-07  ডেস্ক রিপোর্ট  25 views
ঢাকা-৮ আসনের ভোটার হলেন পাটওয়ারী, মেয়র নির্বাচনের গুঞ্জন - Chief TV

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উত্তরা এলাকার ভোটার থেকে এখন তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে তার আবেদন অনুমোদন করে নির্বাচন কমিশন। এর ফলে ঢাকা-৮ আসনের ভোটার তালিকায় যুক্ত হয়েছেন এনসিপির এই নেতা।

নাসীরুদ্দীনের ভোটার এলাকা উত্তর সিটি থেকে দক্ষিণ সিটিতে স্থানান্তরের বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এনসিপির নেতাকর্মীদের একটি অংশের দাবি, আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে পারেন তিনি।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির পক্ষ থেকে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রার্থী করার কথা জানানো হয়েছিল। তবে দলীয় সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে বলে আলোচনা রয়েছে। সে ক্ষেত্রে আসিফ মাহমুদকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী করা হতে পারে বলে দলটির নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন রয়েছে।

এমন পরিস্থিতিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ঢাকা দক্ষিণ সিটির ভোটার হওয়াকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন ঘিরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে এনসিপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।


Share: