Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা - Chief TV

ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা - Chief TV

2026-10-26  ডেস্ক রিপোর্ট  27 views
ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা - Chief TV

বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান। তাঁর অভিনীত ‘ইশক মুর্শিদ’ ও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিতি পেয়েছেন তিনি। এবার ঢাকায় একটি লাইফস্টাইল প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে আসছেন এই অভিনেতা।

বিলালের এ সফরে তাঁর সঙ্গে থাকবেন মা ও ফ্যাশন ডিজাইনার ফারহানা সোহেল। পাকিস্তানের লাইফস্টাইলবিষয়ক ওয়েবসাইট ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ এক ঘোষণায় তাঁর ঢাকা সফরের তথ্য জানিয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ৪ থেকে ৮ নভেম্বর ঢাকার গুলশান-১-এর গুলশান শুটিং ক্লাবে পাঁচ দিনব্যাপী ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’-এর পঞ্চম সংস্করণ অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন। প্রদর্শনীর তৃতীয় দিন, শুক্রবার (৬ নভেম্বর) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিলাল আব্বাস খান। এ আয়োজনে তাঁর মায়ের নকশা করা পোশাকও প্রদর্শিত হবে।

প্রদর্শনীতে পাকিস্তানের ঐতিহ্যবাহী জীবনধারা, বিয়ের পোশাকের বিশেষ সংগ্রহ, বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের পণ্য এবং দেশটির ঐতিহ্যবাহী খাবার তুলে ধরা হবে। পাকিস্তানি সংস্কৃতি ও ফ্যাশনের সঙ্গে বাংলাদেশের দর্শনার্থীদের পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশের দর্শকদের কাছেও জনপ্রিয়তা পেয়েছেন বিলাল আব্বাস খান। তাঁর অভিনীত ‘ইশক মুর্শিদ’, ‘মেরি জিন্দেগি হ্যায় তু’, ‘মান জোইগি’, ‘পেয়ার কে সদকে’ ও ‘চিখ’ নাটকগুলো দর্শকদের মধ্যে আলোচিত হয়েছে। ঢাকায় তাঁর উপস্থিতি ঘিরে তাই বিনোদনপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।


Share: