Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা - Chief TV

দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা - Chief TV

2026-10-16  ডেস্ক রিপোর্ট  32 views
দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা - Chief TV

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভে অংশ নিতে যাওয়ার সময় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা আবারও পুলিশের হাতে আটক হয়েছেন। রোববার (১১ অক্টোবর) দুপুরে দিল্লির আরকে আশ্রম এলাকায় বিক্ষোভে অংশ নেওয়ার উদ্যোগের পর তাঁকে আটক করা হয় বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচারে নেহা বোরা জানান, তাঁরা ব্যারিকেড অতিক্রম করে কনট প্লেস এলাকায় পৌঁছেছেন। এর পরপরই তাঁকে আটক করা হয়।

এর আগে ১০ অক্টোবর পুলিশি হেফাজত থেকে মুক্তি পেয়েছিলেন নেহা বোরা। এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পুলিশ তাঁর মোবাইল ফোন নিয়ে গেলেও পরে তা ফেরত দেওয়া হয়। একই সঙ্গে ময়দান গড়ি থানায় আটক নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে দিল্লিতে সাধারণ মানুষ ও ভিন্নমতাবলম্বীদের আটক এবং পুলিশের দমন-পীড়নের অভিযোগে নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির অভিযোগ, সমালোচনামূলক কণ্ঠস্বর স্তব্ধ করতে ভারতজুড়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার প্রধান আকার প্যাটেল সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, বিরোধী দলের নেতা, ছাত্রনেতা, সাংবাদিক ও আইনজীবীসহ পাঁচ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। তাঁর মতে, এসব ঘটনা সরকারের সমালোচনা দমনের প্রবণতা তুলে ধরে।

বিবৃতিতে আকার প্যাটেল মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগের কারণে আটক ব্যক্তিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানান। একই সঙ্গে মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ সংযম দেখানো এবং শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।


Share: