Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / দিনাজপুর / দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ - Chief TV

দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ - Chief TV

2026-10-31  ডেস্ক রিপোর্ট  30 views
দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ - Chief TV

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ অকৃতকার্য কলেজের সংখ্যা বেড়েছে। গত বছর এ বোর্ডে এমন কলেজের সংখ্যা ছিল ৪৩টি। চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯টিতে। এসব কলেজ থেকে এবার ২৯০ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেননি।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বোর্ডের ফলাফল পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে ৪৩টি কলেজ থেকে ১৮২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁদের কেউই উত্তীর্ণ হতে পারেননি। আর ২০২৬ সালে আট জেলার ৪৯টি কলেজ থেকে ২৯০ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। এক বছরের ব্যবধানে শূন্য পাস করা কলেজের সংখ্যা বেড়েছে ছয়টি।

চলতি বছর শতভাগ অকৃতকার্য কলেজগুলোর মধ্যে নীলফামারীর ১২টি কলেজ থেকে ১১৭ জন, কুড়িগ্রামের ৯টি কলেজ থেকে ৭০ জন, ঠাকুরগাঁওয়ের ৯টি কলেজ থেকে ৩৮ জন, লালমনিরহাটের ৬টি কলেজ থেকে ১৮ জন, দিনাজপুরের ৬টি কলেজ থেকে ১৭ জন, রংপুরের ৩টি কলেজ থেকে ১৭ জন, পঞ্চগড়ের ২টি কলেজ থেকে ১০ জন এবং গাইবান্ধার ২টি কলেজ থেকে ৩ জন পরীক্ষায় অংশ নেন।

নীলফামারীর কলেজগুলোর মধ্যে রয়েছে কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেরি মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজ, নয়নখাল স্কুল ও কলেজ, সদর উপজেলার আদর্শ কলেজ, পঞ্চপুকুর স্কুল ও কলেজ, রতনীবাড়ী স্কুল ও কলেজ, লক্ষিচাপা সৃজনশীল কলেজ, গয়াখারবাড়ী মহিলা কলেজ, ডোমার উপজেলার জমিরবাড়ী মহিলা মহাবিদ্যালয়, বাগডোকরা নিমোজখান হাই স্কুল ও কলেজ, জলঢাকা উপজেলার সামিরউদ্দীন আদর্শ হাই স্কুল ও কলেজ এবং ডিমলা উপজেলার আদাবারী স্কুল ও কলেজ ও জেলা পরিষদ স্কুল ও কলেজ।

কুড়িগ্রামের কলেজগুলোর মধ্যে রয়েছে রৌমারী উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ, নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী মহিলা কলেজ, কুটিপায়ড়াডাঙ্গা স্কুল ও কলেজ, চিলাখানা মডেল কলেজ, রাজারহাট উপজেলার সিংগার ডাবড়ীহাট কলেজ, সিংগা ডাবরী হাট বিএল হাই স্কুল ও কলেজ, পানঘারি লক্ষীপাড়া স্কুল ও কলেজ, উলিপুর উপজেলার হজরত ফাতেমা (রা.) পৌর বালিকা স্কুল ও কলেজ এবং চিলমারী উপজেলার দক্ষিণ খাউরিয়া স্কুল ও কলেজ।

ঠাকুরগাঁওয়ের কলেজগুলোর মধ্যে রয়েছে বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী স্কুল অ্যান্ড কলেজ, মড়লহাট জনতা স্কুল ও কলেজ, রত্নাই বাগুলাবাড়ী হাই স্কুল ও কলেজ, সদর উপজেলার কদম রসুল হাট স্কুল অ্যান্ড কলেজ ও সালন্দর মহিলা কলেজ, রানীশংকৈল উপজেলার ধুলঝাড়ি স্কুল ও কলেজ, গগর কলেজ ও রাউতনগর স্কুল ও কলেজ এবং পীরগঞ্জ উপজেলার ইখতিয়ারপুর শহীদ সালাহ উদ্দীন স্কুল ও কলেজ।

লালমনিরহাটের কলেজগুলো হলো কালিগঞ্জ উপজেলার সোনারহাট স্কুল ও কলেজ, দুহুল এসসি হাই স্কুল ও কলেজ, দক্ষিণ ঘনশ্যাম স্কুল ও কলেজ, হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা মডেল কলেজ ও আমিনুর রহমান কলেজ এবং আদিতমারী উপজেলার গন্ধমারুয়া স্কুল ও কলেজ।

দিনাজপুরের কলেজগুলোর মধ্যে রয়েছে বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট কলেজ ও সনকা আদর্শ কলেজ, ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল ও কলেজ এবং বিরামপুর উপজেলার বেপারীতলা আদর্শ কলেজ, হাকিমপুর উপজেলার পাউশগাড়া হাই স্কুল ও কলেজ ও বোয়ালদাড় স্কুল ও কলেজ।

রংপুরের কলেজগুলো হলো পীরগঞ্জ উপজেলার কাদিরাবাদ মহিলা কলেজ ও আমাদপুর কলেজ এবং পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল ও কলেজ। পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পাইলট বালিকা স্কুল ও কলেজ এবং তেঁতুলিয়া উপজেলার আলহাজ তমিজ উদ্দীন কলেজও এ তালিকায় রয়েছে। গাইবান্ধার কলেজ দুটি হলো পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজ ও সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজ।

 


Share: