নীলফামারীর ডিমলায় রাতের আঁধারে ‘ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে দেখিয়ে দেব’ স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্লোগান দিতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিমলা উপজেলার তিস্তা নদীর পাড়ে আনন্দবাজার এলাকায় মিছিলটি হয় বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, ছাত্রলীগ কর্মী আরসাদুলের নেতৃত্বে ১০ থেকে ১২ জন এতে অংশ নেন।
যুবশক্তির টেপাখড়িবাড়ি ইউনিয়ন শাখার আহ্বায়ক মাহফুজার রহমান বলেন, আরসাদুলের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন কর্মী সন্ধ্যায় মিছিল বের করেন। তিস্তা নদীর পাশে কিছুক্ষণ স্লোগান দেওয়ার পর তাঁরা সেখান থেকে চলে যান। মিছিলের একটি ভিডিও আরসাদুল নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করলেও পরে তা সরিয়ে ফেলেন বলে দাবি করেন তিনি।
এনসিপির ডিমলা উপজেলা শাখার সদস্যসচিব রাসেদুজ্জামান রাসেদ বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের খবর তিনি পেয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ তুলে তিনি ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে মিছিলের বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, রাতের আঁধারে নদীর পাশের কোনো এলাকায় মিছিলটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।