কুষ্টিয়ার কুমারখালীতে দুলাভাইকে পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ওসমান প্রামাণিক (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রাম এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
আটক ওসমান প্রামাণিক শিলাইদহ ইউনিয়নের করাতকান্দি গ্রামের ইছহাক প্রামাণিকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ৭ দশমিক ৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি নিয়ে দুলাভাই ইসমাইল শেখের বাড়িতে যান ওসমান। সেখানে টাকা-পয়সা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পিস্তল দেখিয়ে তাঁকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওসমানকে অস্ত্রসহ আটক করে।
পুলিশ জানায়, ওসমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চুরির অভিযোগে ২০২৪ সালে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় একটি মামলাও রয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে ওসমান তাঁর দুলাভাইকে পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে অস্ত্রসহ আটক করে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।