দুর্গার সাজে সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি প্রকাশের পাশাপাশি ধর্ম ও মানুষের আচরণ নিয়ে ২২টি বচন তুলে ধরেছেন তিনি। পোস্টের শেষাংশে ধর্মীয় সহনশীলতা নিয়েও মন্তব্য করেন এই সংসদ সদস্য।
পোস্টে রুমিন ফারহানা ঘুষ, নির্যাতন, হত্যা, নারীর প্রতি সহিংসতা, প্রতারণা, মিথ্যাচার, দুর্নীতি, অন্যের সম্পদ আত্মসাৎ এবং ধর্মকে ব্যক্তিস্বার্থে ব্যবহারের মতো বিষয়গুলো তুলে ধরেন। এসব অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের আচরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি ধর্মীয় পরিচয়ের চেয়ে মানুষের কাজ ও নৈতিকতার গুরুত্বের দিকে দৃষ্টি আকর্ষণ করেন।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলেই ধর্ম চলে যায়—এমন ধারণার সমালোচনা করেন তিনি। পাশাপাশি মা দুর্গার দশভুজা রূপের বিষয়টিও উল্লেখ করেন।
রুমিন ফারহানার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও মানুষের নৈতিক আচরণ নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।