ভারতের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। তাকে একটি পুলিশ বাসে রাখা হয়েছে।
বিক্ষোভকারীরা বাসটি ঘিরে রেখেছেন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে নেহা বোরা জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের জায়গা বদলে ফেলা হয়েছে। নয়াদিল্লির যন্তর মন্তরের বদলে দিল্লি হাটে স্থানান্তর করা হয়েছে।
এমন ঘোষণার পর নেহাকে আটক করা হলো।
২৯ বছর বয়সী নেহা বোরা দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী। সেই সঙ্গে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী–লেনিনবাদী) লিবারেশন বা সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা শিক্ষার্থী ও তরুণদের আন্দোলনের ‘পোস্টার গার্ল’ হয়ে উঠেছেন এই তরুণী।