Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / লালমনিরহাট / ফেসবুক পোস্ট নিয়ে জামায়াত-ছাত্রদলের সংঘর্ষ - Chief TV

ফেসবুক পোস্ট নিয়ে জামায়াত-ছাত্রদলের সংঘর্ষ - Chief TV

2026-10-28  ডেস্ক রিপোর্ট  32 views
ফেসবুক পোস্ট নিয়ে জামায়াত-ছাত্রদলের সংঘর্ষ - Chief TV

লালমনিরহাটের হাতীবান্ধায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সানিয়াজান বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জামায়াত কর্মী রায়হান ইসলাম (২৭), ছাত্রদল নেতা আলমগীর হোসেন (২৩) ও সাজেদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে জামায়াতের সমর্থক রায়হান ইসলাম তাঁর ফেসবুক আইডিতে বিএনপি এবং ভিপি নুরুল হক নুর ও রাশেদ খানকে নিয়ে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এর জেরে মঙ্গলবার রাতে সানিয়াজান বাজারে ছাত্রদল নেতা আলমগীর হোসেনের সঙ্গে রায়হানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

জামায়াত কর্মী রায়হান ইসলামের অভিযোগ, সন্ধ্যায় সানিয়াজান বাজারে একটি মসজিদের সামনে চা খাওয়ার সময় ছাত্রদলের কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। বিএনপির সমালোচনা এবং জামায়াতের রাজনীতি করার কারণে তাঁর ওপর হামলা হয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জাহেদুল ইসলাম বলেন, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলমগীর বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় জামায়াতের কয়েকজন কর্মী সেখানে গিয়ে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে তাঁর অভিযোগ। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে মঙ্গলবার রাতে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


Share: