Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / ‘ফিল্মি’ কায়দায় ট্রাক থেকে মুরগি চুরি, পুলিশের অভিযানে নিহত ৩ - Chief TV

‘ফিল্মি’ কায়দায় ট্রাক থেকে মুরগি চুরি, পুলিশের অভিযানে নিহত ৩ - Chief TV

2026-08-31  ডেস্ক রিপোর্ট  39 views
‘ফিল্মি’ কায়দায় ট্রাক থেকে মুরগি চুরি, পুলিশের অভিযানে নিহত ৩ - Chief TV

মিসরে চলন্ত রেফ্রিজারেটেড ট্রাক থেকে বিপুল পরিমাণ হিমায়িত মুরগি চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের ছয় সদস্যকে শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) কায়রোর একটি মহাসড়কে ঘটে যাওয়া চুরির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে আলোচনায় আসে। পাশ দিয়ে যাওয়া এক গাড়িচালকের ধারণ করা ভিডিওতে দেখা যায়, দ্রুতগতিতে চলতে থাকা একটি রেফ্রিজারেটেড ট্রাককে পিকআপ নিয়ে ধাওয়া করছেন দুই ব্যক্তি।

একপর্যায়ে পিকআপে থাকা ব্যক্তিরা চলন্ত অবস্থাতেই ট্রাকের পেছনে উঠে যান। পরে ট্রাকের দরজা খুলে ভেতরে থাকা মুরগির বাক্স বের করে পিকআপে তুলতে থাকেন তারা। পুরো ঘটনাটি এত দ্রুত ঘটে যে ট্রাকচালক তখন বিষয়টি বুঝতেই পারেননি।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই ট্রাকে একটি কারখানা থেকে নেওয়া প্রায় চার টন হিমায়িত মুরগি ছিল। পরে হিসাব করে দেখা যায়, সেখান থেকে ১০৫ কেজির বেশি মুরগি চুরি করা হয়েছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে চুরির কৌশলকে জনপ্রিয় অ্যাকশন সিনেমা ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর দৃশ্যের সঙ্গে তুলনা করেন। ভিডিওটি পুলিশের নজরে আসার পরই শুরু হয় তদন্ত।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুসন্ধানের মাধ্যমে চুরির ঘটনায় জড়িত ছয়জনকে শনাক্ত করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই আগের অপরাধের রেকর্ড রয়েছে বলে জানানো হয়েছে।

পরে কায়রো ও কালিউবিয়া এলাকায় সন্দেহভাজনদের সম্ভাব্য অবস্থান শনাক্ত করে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজনরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলির ঘটনা ঘটে। এতে তিন সন্দেহভাজন নিহত হন এবং অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে সন্দেহভাজনদের কাছ থেকে অস্ত্র ও চুরির ঘটনায় ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে। পাশাপাশি চুরি যাওয়া কিছু হিমায়িত মুরগিও উদ্ধার করেছে পুলিশ। অন্যান্য ডাকাতির সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা কিছু সামগ্রীও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ আনা হতে পারে। চলন্ত ট্রাক থেকে দুঃসাহসিকভাবে মুরগি চুরির একটি ভিডিও দিয়ে শুরু হওয়া ঘটনা শেষ পর্যন্ত একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সন্ধান এবং পুলিশের অভিযানে তিনজনের মৃত্যুর ঘটনায় গড়িয়েছে।


Share: