Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত - Chief TV

ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত - Chief TV

2026-10-21  ডেস্ক রিপোর্ট  31 views
ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত - Chief TV

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে দেশটির বিমানবাহিনীর একটি মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিহত হয়েছেন। এ ছাড়া বিমানে থাকা নেভিগেটর নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

বুধবার (২১ অক্টোবর) ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভি।

প্রতিবেদন অনুযায়ী, ন্যান্সি-ওশে বিমানঘাঁটি থেকে পরিচালিত যুদ্ধবিমানটি মঙ্গলবার গভীর রাতে ন্যান্সি শহরের কাছে ম্যুর্ত-এ-মোসেল এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটিতে পাইলট ও নেভিগেটর ছিলেন। কর্তৃপক্ষ পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিখোঁজ নেভিগেটরের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে ন্যান্সি শহরের উত্তরে রোগভিল, দোমেভ্র-অঁ-এ ও ত্রঁবলকুর গ্রামের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উল্লেখযোগ্যসংখ্যক পুলিশ ও অগ্নিনির্বাপণকর্মী মোতায়েন করা হয় বলে জানিয়েছেন কাছের পঁ-আ-মুসোঁ শহরের মেয়র অঁরি লিমোয়েন।

ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে মেয়র জানান, ড্রোনের সাহায্যে যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। তবে উদ্ধার তৎপরতা চলমান থাকায় কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

এদিকে, দুর্ঘটনা মোকাবিলা ও উদ্ধার কার্যক্রম সমন্বয়ের জন্য রোগভিলে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।


Share: