নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত বাবাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ সময় তাকে বাধা দিতে গিয়ে নিহতের স্ত্রী ও অপর ছেলে আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বাছেদ মিয়া (৬৫) পেশায় ভ্রাম্যমাণ ওষুধ বিক্রেতা ছিলেন। অভিযুক্ত শাকিল চৌধুরী (৩৫) তার বড় ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে বাবা ও ছেলে একই ঘরে ঘুমিয়েছিলেন। রাত সাড়ে ৩টার দিকে ওই ঘর থেকে শব্দ শুনে পরিবারের সদস্যরা সেখানে যান। তাদের অভিযোগ, ঘুমন্ত অবস্থায় আব্দুল বাছেদ মিয়ার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।
এ সময় নিহতের স্ত্রী সখিনা বেগম ও অপর ছেলে রাশেদ অভিযুক্তকে থামানোর চেষ্টা করলে তারাও আহত হন বলে জানা গেছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবার অভিযুক্তের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, প্রাথমিকভাবে ছেলের হাতে বাবা নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছে। তার বিরুদ্ধে আগেও মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।