Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / ময়মনসিংহ / জুলাই যোদ্ধা আয়াসকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ - Chief TV

জুলাই যোদ্ধা আয়াসকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ - Chief TV

2026-08-17  ডেস্ক রিপোর্ট  45 views
জুলাই যোদ্ধা আয়াসকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ - Chief TV

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের লাগাতার হুমকির পর ময়মনসিংহের ভালুকায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এএনএম আয়াসকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সংগঠনের কাজে ভালুকায় গেলে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন আয়াস।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে এএনএম আয়াস জানান, হামলায় আহত হওয়ার ঘটনায় তিনি আজই থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন। তাঁর দাবি, রোববার দুপুরে ভালুকার একটি সড়কে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করা হয়।

রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় নেতা শাহ আল বাদশা জানান, হামলার পর আয়াস আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে ফোনে আয়াসের সম্ভাব্য নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়। পরে রোববার সন্ধ্যায় আয়াস নিজেই থানায় এসে মৌখিক অভিযোগ করেন। তিনি প্রায় ১০ মিনিট থানায় অবস্থান করে পানি পান করার পর একাই চলে যান। পুলিশি সহায়তার প্রস্তাব দেওয়া হলে বাইরে তাঁর নিজস্ব লোকজন রয়েছে বলে জানান তিনি।

হামলার কারণ সম্পর্কে আয়াস বলেন, গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগ সমর্থকদের বাধা দেওয়া ও মারধরের ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এরপর থেকেই দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে তাঁকে ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় হামলা ও অপহরণচেষ্টার অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আয়াস।


Share: