বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান ও চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার ছোট ভাই তৌফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা বিমানবাহিনীর শাহি জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিমানবাহিনীর গোরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে জন্মগ্রহণ করেন মুহাম্মদ রফিকুল ইসলাম। পাকিস্তান বিমানবাহিনীর সারগোদা কলেজে পড়াশোনা শেষে ১৯৭১ সালে কমিশন লাভের মধ্য দিয়ে তার সামরিক জীবনের সূচনা হয়।
বর্ণাঢ্য কর্মজীবনে তিনি এনডিইউ ও পিএসসি ডিগ্রি অর্জন করেন। মেধা, দক্ষতা ও নেতৃত্বের গুণে একপর্যায়ে বাংলাদেশ বিমানবাহিনীর সর্বোচ্চ পদে উন্নীত হন। ২০০১ সালের ৪ জুন থেকে ২০০২ সালের ৮ এপ্রিল পর্যন্ত তিনি বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে সামরিক চাকরি থেকে অবসর নেওয়ার পর তার কোর্সমেট ফখরুল আজম বিমানবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।
সামরিক জীবন শেষে রাজনীতিতে সক্রিয় হন মুহাম্মদ রফিকুল ইসলাম। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।